অর্থ ফেরত পাবেন না এমডব্লিউসির প্রদর্শকরা

২৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:২৬  
চলতি বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস বাতিল হলেও প্রদর্শনীতে অংশ নেয়ার জন্য পরিশোধ করা অর্থ ফেরত পাবেন না প্রদর্শকরা। বিশ্বের সর্ববৃহৎ মোবাইল পণ্যের প্রদর্শনীর আয়োজক জিএসএমএ’র পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর টেকরাডার। চলতি সপ্তাহে বার্সেলোনাতে এমডব্লিউসি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে চলমান করোনাভাইরাসের জেরে এই মাসের প্রথমদিকে এবারের প্রদর্শনী বাতিল করে জিএসএমএ। অ্যামাজন, এরিকসন, ফেসবুক, ইন্টেল, এলজি, নোকিয়া, এনভিডিয়া এবং সনির মতো প্রযুক্তি জায়ান্টগুলো জিএসএমএ’র ঘোষণার আগেই এই আয়োজনে অংশ না নেয়ার কথা জানিয়ে দেয়। তখন জিএসএমএ প্রদর্শনী চালিয়ে যাওয়ার কথা বললেও সর্বশেষ ১৩ তারিখে সেটি বাতিল করে। শুধু প্রদর্শক নয়, বিজ্ঞাপনদাতা এবং পৃষ্ঠপোষকদের অর্থ ফেরত না দেয়ার কথাও জানিয়ে দিয়েছে জিএসএমএ। ডিবিটেক/বিএমটি